আড্ডার আসরের নিয়মাবলী
  • প্রতিটি বিভাগের নীচে কিছু কথা লিখা আছে। তা আপনি পড়ুন, অন্যকে পড়তে দিন। তারপর বুঝবার চেষ্টা করুন, বুঝতে না পারলে অন্যের কাছ থেকে নিজ দায়িত্বে বুঝুন এবং আপনার লেখার ধরন অনুযায়ী বিভাগে টপিক পোষ্ট করুন।
  • আপনার লেখা সম্পূর্ণ আপনার পৈত্রিক সম্পত্তি। এই লেখা আপনি কোথা থেকে এনেছেন, নাকি নিজে লিখেছেন এ নিয়ে কর্তৃপক্ষের কোন মাথাব্যথা নেই। আপনার সম্পত্তি আপনি নিজ দায়িত্বে সংরক্ষণ করুন। হারিয়ে গেলে অথবা নষ্ট হলে ফোরাম কর্তৃপক্ষ দায়ী নয়। নেভার এভার।
  • এই ফোরামে কোন সিরিয়াস বিষয় ছাড়া আলাপ আলোচনা করা থেকে বিরত থাকুন। যেমনঃ আপনি আপনার বন্ধুকে বিড়ি খেতে দেখে সিরিয়াসলি হুমকি দিলেন "৫০টাকা দে, নইলে কিন্তু আংকেলকে কইয়া দিমু"। এ রকম হুমকি আপনি অহরহ দিতে থুকুন এবং এই সিরিয়াস কথা বার্তা আপনি আমাদের সাথেও শেয়ার করুন।
  • কোন রকম আপত্তি মূলক টপিক দেওয়া থেকে বিরত থাকুন। যদি ভুল ক্রমেও এ রকম টপিক পোষ্ট করে ফেলেন তাহলে তা ডাস্টার-ব্রাশ দিয়ে মোডারেটররা মুছে দিতে পারেন। এমতাবস্থায় ফোরাম কর্তৃপক্ষকে দোষারোপ করা হলে তারা আল্লাহ মালুম কায়দা অবলম্বন করতে বাধ্য হবেন।
  • রাজনৈতিক আলাপ আলোচনা বন্ধ করুন কিন্তু যদি কোন রাজনৈতিক নেতাকে পাবলিক নর্দমায় চুবানি দেয় তা নিয়ে নির্দ্বিধায় আলাপ আলোচনা করতে পারেন। রাজনৈতিক আলাপ আলোচনায় বিতর্কের সৃষ্টি করবেন না। বিতর্কের সৃষ্টি হলে মোডারেটররা ব্রাশ-ডাস্টার হাতে নিতে বাধ্য হবেন।
  • ফোরামে রেজিস্ট্রেশন করেই "আমাকে চিনিস" বিভাগে আপনি কি জিনিস তা পেশ করবেন বলে প্রকাশ্যে অথবা মনে মনে ওয়াদা করেন। এমনকি এই বিভাগে আপনি আপনার চৌদ্দপুরুষের পরিচয়ও তুলে ধরতে পারেন। আপনার মতো মহান ব্যক্তির সাথে যোগাযোগের জন্য মোবাইল, ইমেইল, হটমেইল অথবা গাড়ির নাম্বার, বাড়ির চাবির নাম্বার, জুতার নাম্বার, জামার কালার ইত্যাদি পেশ করতে পারেন কিন্তু এ নিয়ে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া হলে সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে আর স্বরূপ প্রতিক্রিয়া হলে আমরাও এর অংশীদার এ কথাটা মাথায় রাখতে হবে।